নগরে ৪ ফার্মেসীকে জরিমানা : ১ টি সীলগালা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৯:২৬:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সোবহানীঘাট ও উপশহরে মেয়াদোত্তীর্ণ ও নিম্ন মানের ঔষধ বিক্রি করায় ৪টি ফার্মেসীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই দিন নগরীর শিবগঞ্জ এলাকায় আরেকটি ফার্মেসীকে সীলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর ও বিকেলে পৃথক সময়ে সিলেটের জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
সিলেটের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানজিলা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর সোবহানীঘাটে ৩টি ও উপশহরের ১টি ফার্মেসীকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। এরমধ্যে সোবহানীঘাটের দি বি.এল ফার্মেসীকে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৩০ হাজার টাকা, মিত্র ড্রাগসকে ২০ হাজার টাকা, কৈলাশ সার্জিক্যালকে ৪০ হাজার টাকা ও উপশহরের একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তন্মধ্যে সোবহানীঘাটের দি বি.এল ফার্মেসীকে ৪ মাসে ৩ বার জরিমানা করেছে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ঐ ফার্মেসীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কয়েক মাস পর পর ফার্মেসীতে অভিযান ও জরিমানায় সাধারণ গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকায় বিনামুল্যে প্রদর্শনের জন্য সৌজন্য স্যাম্পুল ঔষুধকে প্যাকেটজাত করে বিক্রির দায়ে মালিহা ফার্মেসীকে সীলগালা করে দেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার তানজিলা আক্তার বলেন, ফার্মেসীতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।





