ছাতকে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৬, ৭:৩৭:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত| একই সঙ্গে একজন আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে| সোমবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন|
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ছাতক উপজেলার হাসামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মতিউর রহমান মতিন, একই গ্রামের মো. খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন এবং কামারগাঁও গ্রামের হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন| অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামারগাঁও গ্রামের ইস্কান্দর আলীর ছেলে মো. আব্দুস সুবহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে|
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী তরুণী ২০১৭ সালে ছাতক উপজেলার হায়দরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন| ২০২১ সালের ১১ আগস্ট সন্ধ্যায় তিনি বাড়ি থেকে পাশের জিয়াপুর গ্রামে নানার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন| পথে কৌশলে তাকে সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে নিয়ে যায় মতিন ও দিলদার হোসেন| সেখানে তারা জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়| পরে তাকে পাশের কামারগাঁও গ্রামে বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়| সেখানে আরও এক দফা ধর্ষণের শিকার হন তিনি|
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন| তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে| দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এ রায় প্রদান করেন| বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুর রহমান|





