রেললাইন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৯:১৭:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দলও। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার দেহ ক্ষত-বিক্ষত ছিলো। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, মরদেহের ময়নাতদন্ত করা হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পিবিআইও কাজ করছে।





