সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ৯:২৮:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন শিশু মারা যান। এনিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
সোমবার (২৫ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃত্যুর পাশাপাশি ল্যাব পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরো ৫ জন। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে- সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ মাস বয়সী মহসিন, সিলেট সদর উপজেলার আট মাস বয়সী মাজহারুল ও মৌলভীবাজার সদরের চার মাস বয়সী কন্যাশিশু তানিয়া।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া ৫৫ শিশুর মধ্যে ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বাকী ৫১ জন মারা যান উপসর্গে।





