শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উৎসব শুরু শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৭:৪১:৫০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: টেকসই কালচারাল ট্যুরিজমের বিকাশ এবং দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারাকে বিশ্বপর্যায়ে তুলে ধরার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণিল ‘হারমোনি ফেস্টিভ্যাল-২০২৬’। শুক্রবার ১৯ থেকে ২১ জুন পর্যন্ত শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হবে ১৯ জুন শুক্রবার বিকেল ৩টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি। স্বাগত বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, উপদেষ্টা হুমায়ুন কবির, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. নাসের রহমান এমপি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং ফিনলের প্রধান পরিচালন কর্মকর্তা তাসিন আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ এ তথ্য জানান।
ওই সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং কমিউনিটি, এথনিক ও ওয়াটার ট্যুরিজম বিকাশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে বর্তমানে গেজেটভুক্ত ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে শ্রীমঙ্গল ও এর আশপাশের এলাকায় বসবাস করছে ২৬টি গোষ্ঠী। এসব জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে সংরক্ষণ ও টেকসই রূপ দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে।
ফেস্টিভ্যালে ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পৃথক স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, ঐতিহ্যবাহী খাবার, পোশাক, অলংকার, জীবনাচার এবং শিকারে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবে। পাশাপাশি তাদের নিজস্ব নৃত্য, গান, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক ঐতিহ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।
উৎসবে অংশগ্রহণ করবে খাসিয়া, গারো, মনিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, ওরাও, মুন্ডা, কুর্মী, ভূমিজ, খাড়িয়া, সবর, রবিদাস, গৌড়, তেলেগুসহ শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। তিন দিনব্যাপী আয়োজনে তাদের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, লোকজ ক্রীড়া, ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির নানা দিক উপস্থাপন করা হবে।





