শাল্লায় যুবক খুনের আসামী চট্টগ্রামে আটক
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৯:৪১:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লায় সংঘর্ষের ঘটনায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ ১নং রেল গেইট এলাকা থেকে র্যাব-৯ এবং র্যাব-৭ এর যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুমন মিয়াকে (২৫) আটক করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়া সুনামগঞ্জের শাল্লা থানাধীন ফয়জুল্লাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। বৃহস্পতিবার বিকেলে শাল্লা থানা পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
র্যাব সূত্র জানিয়েছে, নিহত ছাদির হোসেন (৩৮) সুনামগঞ্জ জেলার শাল্লা থানাধীন ফয়জুল্লাপুর এলাকার বাসিন্দা। গত ২৯ মে বিকালে বাচ্চাদের ফুটবল খেলার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিবাদীদের সাথে ছাদির হোসেনের পরিবারের সদস্যদের বাকবিতন্ডা হয়। এরই প্রেক্ষিতে রাতে ছাদিরের বাড়িতে অতর্কিতভাবে হামলা করা হয়। এসময় গ্রেফতারকৃত সুমন মিয়া তার হাতে থাকা লোহার কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে নিহত ছাদির হোসেনের মাথায় কোপ মারলে উক্ত কোপ ভিকটিমরে মাথার পিছনে লেগে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরবর্তীতে নজরুল মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করার জন্য মুখের মধ্যে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে সন্ধ্যায় ছাদির হোসেন মৃত্যুবরণ করেন।
এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সুনামগঞ্জ জেলার শাল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ছায়া তদন্তে নামে র্যাব। পরবর্তীতে র্যাব-৭ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে আসামীকে আটক করা হয়।





