শাহজালাল মাজারের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৯:৪৫:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল (র.) মাজার এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকেই মাজারের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ, হয়রানি প্রতিরোধ, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক রঞ্জন সামন্ত বলেন, শাহজালাল (র.) মাজার সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
তিনি আরও বলেন, পর্যটকদের সেবা প্রদান, হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছে। নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
সংশ্লিষ্টদের মতে, ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ফলে শাহজালাল (রহ.) মাজারে আগত দর্শনার্থীদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। ফলে ধর্মীয় পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে সিলেটের মর্যাদা আরও সুদৃঢ় হচ্ছে।
পুণ্যভূমি খ্যাত সিলেট নগরীতে অবস্থিত শাহজালাল (র.) এর মাজার এবং শহরতলীতে অবস্থিত হযরত শাহপরান (র.)-এর মাজারে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ও পর্যটক বেড়াতে আসেন। তাই পর্যটকদের নিরাপত্তায় এবার ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে।





