আহমেদ উস সামাদ চৌধুরীর ‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৯:৫৩:১৪ অপরাহ্ন

সংবাদদাতা: ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ও মিডিয়ার সুপরিচিত ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপি’র জীবন ও কর্ম নিয়ে রচিত ‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এস টেলিভিশনের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান এবং মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামালের যৌথ উপস্থাপনায় ব্রিষ্টল জামে মসজিদের ইমাম আজিজুর রহমান খানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই বইটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন বইটির লেখক ও আহমেদ উস সামাদ চৌধুরীর পুত্র তাহমিদ চৌধুরী। তিনি বলেন, বাবার জীবনী লিখতে গিয়ে তাঁর জীবনের অনেক অজানা অধ্যায় সম্পর্কে জানতে পেরেছেন, যা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি উল্লেখ করেন, বইটিতে তার বাবা আহমেদ উস সামাদের শৈশব থেকে শুরু করে দেশ ও প্রবাস জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো স্থান পেয়েছে। প্রতিটি পাতায় রয়েছে স্বপ্ন, আশা এবং দেশ ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার গল্প।
বইটির সম্পাদক তৌহিদ শাকিল, লেখক ও গবেষক ফারুক আহমদ এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার সেক্রেটারি নজরুল ইসলাম বাসন বই ও আহমেদ উস সামাদের জীবন-দর্শন নিয়ে বক্তব্য রাখেন।
বইটির বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন ডা. জাকি রিজওয়ানা আনোয়ার। তিনি বলেন, আহমেদ উস সামাদ শুধু একজন সফল ব্যবসায়ী নন; তিনি একজন আপাদমস্তক মিডিয়ার মানুষ। তাঁর নেশা ও পেশা উভয়ই মিডিয়াকে ঘিরে। কমিউনিটি, গণমাধ্যম এবং সামাজিক উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারোনেস পলা মনজিলা উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারের সাবেক এমপি কিথ বেস্ট, প্রফেসর শাহাগীর বগত ফারুক, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী উদ্যোক্তা মুকিম আহমদ, বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি সাইদুর রহমান রানু জেপি, বশির আহমেদ বিইএম, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদাউস জলিল, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওলি খান এমবিই, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিস্টল, বাথ অ্যান্ড ওয়েস্ট-এর সভাপতি আইনুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্ট্র্যাটেজিক এডভাইজার মোহাম্মদ জুবায়ের, গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি সালেহ আহমদ, ডা. আলাউদ্দিন আহমেদ, সাবেক মেয়র কাউন্সিলর আতিকুল হক, বিসিএর সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, জনমত প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বেলাল আহমদ ও এমদাদুল হক চৌধুরী, কার্ডিওলজিস্ট ডা. মনজুর শওকত, কুইন মেরি ইউনিভার্সিটির ড. হাসান শহীদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি আকরাম হুসাইন, ট্রেজারার আব্দুল হান্নান এবং ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের ড. এএসএম আশরাফ মাহমুদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নিজের বক্তব্যে আহমেদ উস সামাদ চৌধুরী বলেন, জীবনে সর্বদা চেষ্টা করেছি কমিউনিটি, দেশ ও মানুষের জন্য কাজ করতে। ব্রিস্টল বাংলাদেশ সেন্টার থেকে শুরু করে শাহজালাল মসজিদ নির্মাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে পরিবারের সহযোগিতা ও কমিউনিটির ভালোবাসা পেয়েছি। আর তাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কাজ করে যেতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, গত ৫৪ বছরে তিনি যেভাবে অর্থনীতি, কমিউনিটি উন্নয়ন এবং মিডিয়ায় অবদান রেখেছেন, তা বলে শেষ করা যাবে না। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করি।




