জামালগঞ্জে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৯:৫৭:৪২ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়নে দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ব্র্যাক সাচনাবাজার শাখার আয়োজনে ও সাচনাবাজার ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে কর্মসূচির সুফলভোগী ২৫ জন নারী সদস্য অংশগ্রহণ করেন। ব্র্যাক এরিয়া ম্যানেজার মো. মামুনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যাক’র জেলা সমন্বয়ক শাহ্ আলম। ব্র্যাক সাচনাবাজার শাখা ব্যবস্থাপক শরিফ আহমেদ, ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন আহমেদ ও সহকারী শাখা ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন আহমেদ প্রমুখ ।
বক্তারা বলেন, ব্র্যাক সারাদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বিস্তীর্ণ উন্মুক্ত এলাকা থাকায় এ অঞ্চলে হাঁস পালন লাভজনক। সে জন্য খামারিদের তেমন বড় অংকের টাকার প্রয়োজন নেই। শুধু সদিচ্ছা ও পরিশ্রমের দরকার। এই সুনামগঞ্জ তথা হাওর এলাকায় অনেক মানুষ আছেন যারা হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরা যদি নিজ বাড়িতে কিছু হাঁস পালন করেন, তাহলে পরিবারের আয়ের উৎস বেড়ে যাবে। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন অতিথিবৃন্দ।




