আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৩:৪০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আগস্ট মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এতে ব্যাংক থেকে সরকারের ঋণ স্থিতি বেড়ে দাড়িয়েছে ৯ লাখ ৪০ হাজার কোটি টাকায়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে পুরো ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এরই অংশ হিসেবে এই ঋণ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সরকারের বর্তমান ঋণের স্থিতি ৯ লাখ ৪০ হাজার কোটি টাকা। এটি কোনো নির্দিষ্ট দিন, মাস বা ছয় মাসে তৈরি হওয়া ঋণ নয়; বরং এ যাবৎকালের সামগ্রিক বা কিউমুলেটিভ ঋণের পরিমাণ।
তিনি বলেন, উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকারকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এ কারণে বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং খাত কিংবা সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি।






