সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি আরও ১৫৮
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৭:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর ফের হাম ও উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে হাম ও উপসর্গ নিয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৫ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জনসহ অন্যান্য হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ৭ মাস বয়সী সাম্য সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার এবং ২ বছর ২ মাস বয়সী ফারিয়া একই জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে কোন মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩৭ জন। একদিন বিরতির পর আবারও দুই শিশুর মৃত্যু হলো। এনিয়ে চলতি বছর হাম ও উপসর্গে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৬২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন।
জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৬৭, হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।






