মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৮:৪২:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এঅভিযান পরিচালনা করে। লালদিঘীরপাড় এলাকার ‘সুমিত ট্রেডার্সে’ অভিযান পরিচালনাকালে দেখা গেছে চিপস, চানাচুর, আচারসহ বিভিন্ন খাদ্যপণ্যের মেয়াদ তিন মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে। এসব পণ্য পাইকারি বিক্রি করা হচ্ছিল।
এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানে মেয়াদ উল্লেখবিহীন লেবেলযুক্ত চিপস পাওয়া যায়। পণ্যগুলো জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর আহমদ সজিব। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ও বিএসটিআইয়ের সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ সজিব বলেন, মেয়াদোত্তীর্ণ এসব খাদ্যপণ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের অধিকার ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।






