চেম্বার প্রশাসকের সঙ্গে দোকান মালিক সমিতির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৬, ৬:০৪:৪২ অপরাহ্ন

দি সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় চেম্বার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমিতির সদস্য খুরশেদ আলম।
সভায় সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপনের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি চেম্বারে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেট চেম্বারে বর্তমানে নির্বাচিত পরিচালনা পর্ষদ না থাকায় এর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। চেম্বার কার্যকর হলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ব্যবসায়ীরা তাদের অভিভাবকত্ব ফিরে পাবেন।
তারা বলেন, একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের জন্য ভোটারদের বার্ষিক টার্নওভার ন্যূনতম ৫ লাখ টাকা আছে কি না তা যাচাই, ব্যবসাপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন এবং ট্রেড লাইসেন্স, টিআইএনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তর থেকে যাচাই করা প্রয়োজন। এ জন্য পৃথক কমিটি গঠন করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা।
সভায় ব্যবসায়ী নেতারা ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত সমস্যা সমাধানে সহযোগিতা, ফুটপাত হকারমুক্ত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পর্যটন নগরী সিলেটের ব্যবসা-বাণিজ্য সচল রাখতে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
জবাবে সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী তাঁকে অভিনন্দন জানানোর জন্য দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ী মহলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে সিলেট চেম্বারে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি তাঁরও রয়েছে। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো একটি বৃহৎ সংগঠন দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে পরিচালিত হোকÑএটি কাম্য নয়।
এজাজ আহমদ চৌধুরী বলেন, সিলেট চেম্বারে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকার ও সিলেটের ব্যবসায়ীরা তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তিনি তা রক্ষা করতে সক্ষম হবেন বলে আশা করেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, চেম্বারের সাবেক সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, সমিতির সহসভাপতি মো. আতিকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মীর মো. জাকারিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি মো. লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






