রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৬, ৭:০৮:১২ অপরাহ্ন
অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সিলেটে সেলাই মেশিন বিতরণ করেছে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন।
বুধবার বিকেলে নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে স্বনির্ভর (চলমান) প্রকল্পের আওতায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শৈকত আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুর রহমান সাকিব, মাওলানা বশির-উলামিন, হাজি মোস্তফা মিয়া, সমাজসেবী হারুনর রশীদ, মোস্তফা মিয়া, দিলু মিয়া, জাকারিয়া আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান শফিক বলেন, অসহায় মানুষের হাতে সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান খান শামছু বলেন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তুলতে স্বনির্ভর প্রকল্পের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বেশি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তি





