আজ মহানবমী, কাল বিসর্জন
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ১:১৬:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী। পূজার অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।
গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী তিথিতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শনিবার ও রোববার মহাসপ্তমী এবং গতকাল সোমবার মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হয়। আজ মহানবমীতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন মণ্ডপে ভক্তদের সমাগম ঘটবে।
পঞ্জিকামতে, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে এসেছেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন।
এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট সংগঠনগুলো নানা প্রস্তুতি নিয়েছে। নগর ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, সিলেট মহানগরে ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। মহানগরের মণ্ডপগুলোর মধ্যে ১৪৬টি সর্বজনীন ও ১৬টি পারিবারিক। অন্যদিকে, জেলা পর্যায়ে ৪৪৮টি সর্বজনীন এবং ২৬টি পারিবারিক মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।





