গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শন এমপি এমরান
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৬:০২:৪৫ অপরাহ্ন
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার; নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের পরিবেশ বজায় রাখা জরুরি। সোমবার ও মঙ্গলবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের গর্ব ও অহংকার। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালনের অধিকার রয়েছে। শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর করতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সব ধর্মের মানুষের পাশে রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সিলেটসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সরকারি তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। বিয়ানীবাজার পৌর শহরের কালাচাঁদ মন্দির, পোস্ট অফিস রোড মন্দির, সুপাতলা পূজামন্দির ও নওয়াগ্রাম এলাকার পূজামণ্ডপ এবং গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ও লক্ষীপাশার ঘোষগাঁও ফুটন্ত গোলাপ যুব সংঘের মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আম্বিয়া আলাউল, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মাহফুজুল করিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহিন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আবু নাসের পিন্টু ও এনাম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, জেলা বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর মিছবাহ উদ্দিন, যুবদল নেতা দৌলা হোসেন সুবাস ও হারান দাশ প্রমুখ।






