১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বালুচর-ইকোপার্ক সড়ক
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:১৬:১০ অপরাহ্ন
সিলেট নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে টেকসই আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করে তার ওপর স্ল্যাব বসানো হয়েছে, যা পথচারীদের ফুটপাত হিসেবে ব্যবহৃত হবে। সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৮ কোটি টাকা।
শনিবার দুপুরে সড়ক ও ড্রেনের শেষ পর্যায়ের ঢালাই কাজ সরেজমিনে পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্মাণসামগ্রীর গুণগত মান তদারকি করেন।
পরিদর্শন শেষে সিসিক প্রশাসক বলেন, বালুচর-ইকোপার্ক সড়কটি নগরীর যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হাজারো মানুষ যাতায়াত করেন। জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কটি ২৪ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি নিষ্কাশনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এড়াতে সড়কের দুই পাশে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেনের ওপর বসানো স্ল্যাব পথচারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ফুটপাত হিসেবে ব্যবহৃত হবে।
এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী লিপু সিংহ, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






