নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:২০:৫৯ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী।
নগরীর শেখঘাট ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ শামসুল কবির। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ এবং লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)। তাঁদের মতে, সিপাহি-জনতার সেই স্বতঃস্ফূর্ত বিপ্লব জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি অর্জন করে। দিনটি কেবল একটি রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনা নয়, বরং বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রার সূচনালগ্ন বলেও তাঁরা উল্লেখ করেন।
বক্তারা এ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গকারী বীর সিপাহি ও জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি






