শপথ নিলেন মিশিগানের প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র সিলেটের মুহিত মাহমুদ
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ৬:০৯:১০ অপরাহ্ন
সুলায়মান আল মাহমুদ, (যুক্তরাষ্ট্র):
ভোট গণনা, পুনর্গণনা, আদালতের শুনানি ও দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হিসেবে শপথ নিয়েছেন সিলেটের মুহিত মাহমুদ।
রোববার ৮ নভেম্বর হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি. ক্রট মুহিত মাহমুদকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়ার পর মেয়র হিসেবে দেওয়া বক্তব্যে মুহিত মাহমুদ বলেন, দল-মত ও কমিউনিটির বিভাজনের ঊর্ধ্বে উঠে সব বাসিন্দাকে সঙ্গে নিয়ে হ্যামট্রামিককে আরও উন্নত, নিরাপদ ও আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।
মুহিত মাহমুদের মেয়র নির্বাচিত হওয়ার পথ ছিল দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আল-হারবির চেয়ে ১১ ভোটে পিছিয়ে ছিলেন। পরবর্তীতে গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট নিয়ে শুরু হয় আইনি লড়াই।
২০২৬ সালের ১৬ অক্টোবর আদালতের নির্দেশে ওই ব্যালটগুলো গণনা করা হলে মুহিত মাহমুদ ২৯ ভোট এবং আল-হারবি ৬ ভোট পান। এর ফলে মুহিত মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯ এবং আল-হারবির ভোট ২ হাজার ৭৭। অর্থাৎ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত মাহমুদ।
এরপর মুহিত মাহমুদের আবাসিক যোগ্যতা নিয়েও মামলা হয়। ৩০ অক্টোবর আদালত তাঁর মেয়র পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় আবাসিক শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করে। পরে ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স তাঁর বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে।
সবশেষে ৮ নভেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষা ও আইনি জটিলতার অবসান ঘটে। এর মাধ্যমে মিশিগানের ইতিহাসে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেন মুহিত মাহমুদ।
মুহিত মাহমুদের এই বিজয় মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। মুহিত মাহমুদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তহিপুর গ্রামে।






