কুশিয়ারায় ফেরি চালু নিয়ে অনিশ্চয়তা, ভোগান্তিতে দুই পাড়ের মানুষ
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ৬:২৮:৩০ অপরাহ্ন

মো. আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারসংলগ্ন কুশিয়ারা নদীতে ফেরি চলাচল চালুর উদ্যোগ থমকে গেছে। নদীর দুই পাড়ে ফেরিঘাট নির্মাণের মূল কাজ প্রায় শেষ হলেও পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় নতুন জটিলতা দেখা দিয়েছে। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত ফেরি চলাচল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন নদীর দুই পাড়ের কয়েক লাখ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর এক পাশে মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজার এবং অন্য পাশে সিলেটের বালাগঞ্জ উপজেলা। দুই পাড়ে ফেরিঘাট নির্মাণের জন্য প্রায় এক বছর আগে পৃথক দুটি দরপত্রের মাধ্যমে কাজ শুরু হয়। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৭ লাখ টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি তাদের নির্ধারিত কাজ প্রায় শেষ করলেও নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় পরবর্তী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বর্তমানে নদীর পানির স্তর উপরিভাগ থেকে প্রায় ৩০ থেকে ৪০ ফুট নিচে নেমে গেছে। ফলে আগের পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নতুন করে দরপত্র আহ্বানের আগে নদীর দুই পাড়ে বিশেষজ্ঞ দলের মাধ্যমে সার্ভে করা হবে। সার্ভের প্রতিবেদন অনুযায়ী উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করে নদীর তলদেশে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এসব কাজ শেষ হলেই ফেরি চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে।
এদিকে, কুশিয়ারা নদীর পানির স্বাভাবিক ওঠানামা ও শুষ্ক মৌসুমের বিষয়টি যথাযথভাবে বিবেচনায় না নিয়ে ফেরিঘাট নির্মাণের পরিকল্পনা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বর্ষায় নদীতে পানি বাড়ে এবং শুষ্ক মৌসুমে পানি কমে যায়-এটি স্বাভাবিক বিষয়। পরিকল্পনা প্রণয়নের সময় এ বিষয়টি বিবেচনায় নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। এছাড়া প্রকল্পের নির্মাণকাজের মান নিয়েও স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, তা এখনো জানা যায়নি।
ফেরি চলাচল শুরু হলে রাজনগর ও বালাগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। দীর্ঘদিন ধরে যানবাহন পারাপারের ভোগান্তি থেকে মুক্তির আশায় ছিলেন দুই পাড়ের কয়েক লাখ মানুষ। কিন্তু নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পরও নতুন জটিলতায় প্রকল্পের কার্যক্রম থমকে যাওয়ায় হতাশ তাঁরা। দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে ফেরি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামি আহমদ বলেন, ফেরি চালু করার নির্ধারিত সময়ে তা চালু করতে পারেনি কর্তৃপক্ষ। এখন নদীর পানি কমে যাওয়ার অজুহাতে বিলম্ব করা হচ্ছে। এই ফেরি দেখিয়ে বিলম্ব করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। কবে ফেরি চলবে, কবে সেতু হবেÑতা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আমীন বলেন, নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ সপ্তাহে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল নদীর দুই পাড়ে সার্ভে করে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের আলোকে দরপত্র আহ্বান করে পরবর্তী কাজ সম্পন্ন করা হবে।





