বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ৭:০১:৩৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। আর ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান জানান, এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। সব ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। এ কারণে যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে ইউজিসির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত মানবে না ঢাকা বিশ^বিদ্যালয়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ইউজিসি ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বিকালে শিক্ষালয়টির সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, আমাদের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।





