জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৩:০৬ অপরাহ্ন

সিলেটে জলবায়ু-সহনশীল ও ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ধোপাদিঘির পাড়স্থ একটি হোটেলের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
‘খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ: ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যতের সন্ধানে’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ)। এতে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, কৃষক, এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার এবং বারসিকের জেন্ডার অ্যাডভাইজার খুদেজা সুলতানা।
বারসিকের অ্যাসোসিয়েট কো-অর্ডিনেটর শাহেদা আজবেলা পূর্ণার সঞ্চালনায় বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার সদস্যসচিব আব্দুল করিম কিম, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি এবং আশার আলো ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহফুজ আলম প্রমুখ।
সংলাপে বাংলাদেশের খাদ্য উৎপাদন ও খাদ্য ব্যবস্থার সাফল্যের পাশাপাশি বিভিন্ন সংকট তুলে ধরা হয়। এসব সংকটের মধ্যে রয়েছে কৃষকের ঋণ ও পরিবেশগত ঝুঁকি, নারী কৃষকের শ্রমের যথাযথ স্বীকৃতির অভাব, রাসায়নিক দূষণ, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকি, জীববৈচিত্র্েযর হ্রাস এবং বাজার ব্যবস্থায় বৈষম্য।
বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক ও জলবায়ুবান্ধব সার্বভৌম খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে কৃষকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, নারী কৃষকের শ্রমের স্বীকৃতি, পরিবেশ পুনরুদ্ধার এবং স্থানীয় নেতৃত্বে জলবায়ু সহনশীলতা জোরদার করতে হবে। এ লক্ষ্য অর্জনে গ্রিন কোয়ালিশন ও নাগরিক সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি






