ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৪:২৬ অপরাহ্ন

ডিজিটাল ব্যাংকিং লেনদেনের প্রসার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে সিলেটের ছড়ারপাড়ে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর ছড়ারপাড় বউবাজারের সামনে ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি, কালীঘাট রোড শাখা এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগদ অর্থের পরিবর্তে কিউআর কোডের মাধ্যমে লেনদেন করলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই প্রক্রিয়াটি সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে।
তাঁরা আরও বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সফল বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ছড়ারপাড় এলাকার ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার আরও সম্প্রসারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার ব্যবস্থাপক খন্দকার আজিম উজ্জামানের সভাপতিত্বে এবং ডেপুটি জুনিয়র অফিসার মো. আবু তাহের শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার অপারেশন ম্যানেজার কবির আহমদ চৌধুরী, প্রিন্সিপাল অফিসার প্রশান্ত চন্দ্র দাস এবং শাহজালাল উপশহর শাখার ডেপুটি জুনিয়র অফিসার ও এডিসি আশীষ রায়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার ডেপুটি জুনিয়র অফিসার ইমরান চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও স্থানীয় গ্রাহকদের বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে নগদ অর্থ ছাড়াই নিরাপদে লেনদেনের বিভিন্ন সুবিধা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির আওতায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের বাংলা কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি






