প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৮:০৪:০৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের টালিয়াদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রায় অর্ধলাখ টাকা মূল্যের গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিষয়টি আড়াল করতে কাটা গাছের গোড়াগুলো কাদামাটি দিয়ে ঢেকে রাখেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাকা ও টিনশেড একাডেমিক ভবনের পেছনে একটি আকাশমণি গাছ হেলে পড়েছিল। ঝুঁকিপূর্ণ বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানের গাছ কাটার প্রয়োজন হলে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ এবং পরিবেশ আইন অনুযায়ী যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণের নিয়ম রয়েছে। তবে অভিযোগ উঠেছে, সেই প্রক্রিয়া অনুসরণ না করেই প্রধান শিক্ষক বিদ্যালয়ের আটটি আকাশমণি গাছ কেটে ফেলেন। এর মধ্যে টিনশেড ভবনের ওপর হেলে পড়া একটি গাছ ছাড়া বাকি সাতটি গাছ গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে। এসব গাছের আনুমানিক বাজারমূল্য অর্ধলক্ষাধিক টাকা। অভিযোগ রয়েছে, কাটা গাছের অস্তিত্ব আড়াল করতে প্রধান শিক্ষক বিক্রি করা গাছগুলোর গোড়া কাদামাটি দিয়ে ঢেকে রাখেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভবনের ওপর হেলে পড়া গাছটি কেটে টুকরো করে গোড়ার পাশে রাখা হয়েছে। এ ছাড়া কাদামাটি দিয়ে ঢেকে রাখা আরও সাতটি গাছের গোড়া পাওয়া গেলেও কাটা গাছগুলোর কোনো হদিস মেলেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ দিন আগে বিদ্যালয়ের সাত থেকে আটটি আকাশমণি গাছ কাটেন প্রধান শিক্ষক তাজ উদ্দিন। পরে কাটা গাছগুলো কোথায় নেওয়া হয়েছে, তা তাঁরা জানেন না। বর্তমানে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের অংশ ছাড়া অন্য গাছগুলো দেখা যাচ্ছে না। এ নিয়ে এলাকায় গাছগুলো গোপনে বিক্রির গুঞ্জন চলছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক তাজ উদ্দিন জানান, গাছগুলো মরা ও ঝুঁকিপূর্ণ ছিল। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়েই গাছগুলো কেটেছেন। কাটা গাছগুলো বিদ্যালয়ের ভেতরে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে বাকি সাতটি গাছ বিদ্যালয় প্রাঙ্গণে দেখা না যাওয়ার বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরবিন্দ কর্মকার জানান, বিদ্যালয়ের টিনশেড ভবন ও বিদ্যুৎলাইনের ওপর থাকা কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো কাটার কথা প্রধান শিক্ষক তাঁকে জানিয়েছিলেন। তবে এ বিষয়ে দাপ্তরিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। গাছ কাটার মৌখিক অনুমতি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





