সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৮:০৬:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে সিলেট ব্যাটালিয়নের বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি ও প্রতাপপুর বিওপির জওয়ানরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়নের সীমান্ত এলাকা থেকে ভারতীয় জিরা, সার্জিক্যাল সামগ্রী, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজেন লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, প্রসাধনসামগ্রী, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, মিলেট মিউসলি, ট্যাটু মেশিন ও জিপিএস ট্র্যাকার জব্দ করে। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়। আটক চোরাই পণ্যের মূল্য ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা। জব্দ করা পণ্য বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।






