এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ১০:২২:২১ অপরাহ্ন
বিপুল মাদকসহ ৮২ লাখ ১৮ হাজার টাকার চোরাইপণ্য জব্দ

স্টাফ রিপোর্টার : অক্টোবরজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬৫১ জনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। মাদকবিরোধী অভিযান থেকে চোরাচালানবিরোধী তৎপরতা—সবখানেই ছিল পুলিশের সক্রিয়তা। এক মাসে উদ্ধার হয়েছে ইয়াবা, গাঁজা, ৯০৮ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৯৪ বোতল বিদেশি মদ। জব্দ করা হয়েছে ৮২ লাখ ১৮ হাজার টাকার চোরাচালান পণ্য, যার মধ্যে রয়েছে ৩৫ টনের বেশি টমেটো।
বুধবার (১১ নভেম্বর) এসএমপি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ১৯৫ জন, ওয়ারেন্টভুক্ত ১১৮ জন এবং প্রসিকিউশন দাখিলের মাধ্যমে ২৭১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা।
এসএমপি সূত্রে জানা যায়, অক্টোবরজুড়ে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানা এলাকায় নিয়মিত অভিযান, বিশেষ অভিযান এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা কার্যকরের অংশ হিসেবে এসব গ্রেফতার করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদক উদ্ধারে অভিযান :
অক্টোবর মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে ৫৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৮ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯৪ বোতল বিদেশি মদ, ৪০ বোতল কোডেনযুক্ত কফ সিরাপ এবং ২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের মধ্য দিয়ে মহানগরীতে মাদকবিরোধী অভিযানের চিত্র উঠে এসেছে।
চোরাচালান পণ্যের বড় চালান জব্দ :
অন্যদিকে, চোরাচালানবিরোধী অভিযানে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৩৫ হাজার ৮২২ কেজি টমেটো, ৩০৩টি কম্বল, ২৯টি শাড়ি, ৬৪০ প্যাকেট ওয়েফার, ৪৭৪টি রেড ব্লু এনার্জি ড্রিংকস, ১৯০টি বয়াম হরলিক্স, ৩০০ প্যাকেট লবণ, ২ বস্তা সাইট্রিক অ্যাসিড, ২ কার্টন ফেসওয়াশ, ৩০ কার্টন সিরাম, ১০ কার্টন ফেসক্রিম ও ১৫০ বোতল তেল।
এ ছাড়া ৪০ বক্স চকলেট, ৩০ প্যাকেট কিসমিস, ৪০ পিস সাবান, ৮০ পিস রাইস ফেসওয়াশ, ৩০০ কেজি জিরা, ২ হাজার ৬৪০ পিস জুস, ৬২০ প্যাকেট ফুচকা এবং ৫ হাজার ৮৫০টি মেন্টস রোল উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা।
পুলিশের এ অভিযানগুলোতে একদিকে যেমন বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে মাদকদ্রব্য ও অবৈধভাবে আনা পণ্য উদ্ধারের মাধ্যমে অপরাধ ও চোরাচালান নিয়ন্ত্রণে তৎপরতা জোরদারের বিষয়টিও সামনে এসেছে।
বুধবার (১১ নভেম্বর) অক্টোবর মাসের অভিযানের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন। তিনি বলেন, অপরাধ দমন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





