হাওর সুরক্ষা আইন লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪২:৪০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং হাওর দুটি সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হোসাইন মো. আল জুনাইদ আইনের বিভিন্ন ধারা উপস্থাপনার মাধ্যমে ব্যাখ্যা করেন। তিনি বলেন, নতুন আইনে হাওরের অবৈধ দখল ও ভরাট, পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ, পানি ও মাটি দূষণ, অনুমতি ছাড়া বালু-মাটি উত্তোলন, পরিযায়ী পাখি শিকার, জলজ বন ধ্বংস এবং নিষিদ্ধ জাল, কারেন্ট জাল ও বিষ প্রয়োগ করে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসব অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি এসব অপরাধের বিচার মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে করার সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, নতুন আইনে ২৭টি ধারা রয়েছে। এর মধ্যে ১১টি ধারায় সুনির্দিষ্টভাবে হাওরে কী করা যাবে এবং কী করা যাবে না, তা উল্লেখ করা হয়েছে। আগে হাওর সুরক্ষায় সুনির্দিষ্ট কোনো আইন ছিল না। হাওর অধ্যুষিত সাতটি জেলার জন্য এ আইনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনটি পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে টাঙ্গুয়ার হাওর তার হারানো প্রাণ ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরের সুরক্ষা আদেশে পাখি শিকার, হিজল-করচ গাছ কাটা, সংরক্ষিত এলাকায় প্রবেশ, ভূমির শ্রেণি পরিবর্তন এবং পাকা সড়ক নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। হাউসবোট পরিচালনার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। নিবন্ধন ছাড়া কোনো হাউসবোট চলতে পারবে না। ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের বোট হাওরে চলাচল করতে পারবে না। নির্ধারিত রুট ও ঘাটের বাইরে যাওয়া, অতিরিক্ত যাত্রী বহন, উচ্চ শব্দে গান বাজানো, মাইক দিয়ে পার্টি করা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনও নিষিদ্ধ করা হয়েছে।
কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নতুন আইনকে স্বাগত জানান। তাঁরা বলেন, টাঙ্গুয়ার হাওরে বর্তমানে মাছ ও পাখির সংখ্যা কমছে, ধ্বংস হচ্ছে জলজ বন। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
কর্মশালায় নজরখালী বাঁধ নির্মাণ নিয়েও ভিন্নমত উঠে আসে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা যাচাইয়ের কথা জানানো হয়। সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন আইন ও সুরক্ষা আদেশ যথাযথভাবে বাস্তবায়িত হলে টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরা, হাওর ভরাট এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁন। বক্তব্য দেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক শংকর কুমার বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, হাওরকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




