করিচ নদীর তীর কেটে মাটি লুট, রক্ষা পাচ্ছেনা বধ্যভুমিও
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৮:২৪:০১ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার অংশে করিচ নদীর ব্রীজের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় বিএনপি ও আওয়ামীলীগ পরিচয়দানকারি গুটি কয়েক নেতা। অবৈধভাবে নদীর তীর থেকে মাটি কেটে বিক্রি করায় একদিকে যেমন মহাসড়কের করিচর ব্রীজ হুমকির মুখে পড়েছে অন্যদিকে হুমকিতে ৭১ এর মুক্তিযুদ্ধে নিহতদের সমাধিস্থল।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু করিচর ব্রীজের নিচে থেকে এস্কেভেটর মেশিন দিয়ে অর্ধ শতাধিক ড্রাম ট্রাক দিয়ে রাতের আধারে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে সংঘবদ্ধ এই চক্রটি। রাজনৈতিক মাঠে বিরোধ থাকলেও অবৈধ কাজের ভাগ বাটোয়ারায় সবাই একত্রিত। এদের হাত থেকে রক্ষা পায়নি মুক্তিযুদ্ধের বধ্যভুমিও। সেখানকার মাটি নিয়ে সরকারি গোচরন ভূমি দখল ও একটি খেলার মাঠ দখলে নেয়ার পাঁয়তারা করছে।

স্থানীয়রা জানান, সরকারের কোন ধরনের অনুমতি না নিয়ে প্রতিরাতে ড্রাম ট্রাকে করে নদীর তীর থেকে এস্কেভেটর দিয়ে মাটি নিয়ে সরকারি খাস ও গোচরন ভূমি ভরাট করে সংঘবদ্ধ চক্রটি। এ বিষয়ে উপজেলা উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ফারজানা আক্তার লাবনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র নদীর তীর থেকে অবৈধভাবে যন্ত্রদানব ব্যবহার করে মাটি কাটার সংবাদ বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেছি। ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সত্যতা পাওয়া যায়, তবে অভিযুক্ত কাওকে পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।





