দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৯:৩৯:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের দিরাই উপজেলা সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে প্রদীপ রায়কে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ এসে ঘটনাস্থলে পৌছে প্রদীপ রায়কে আটক করে নিয়ে যায়। আটক আওয়ামীলীগ নেতার নামে বেশ কয়েকটি হত্যা মামলা থাকায় তাকে গতকাল বুধবার সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ আরো জানায়, জলমহালের দখলকে কেন্দ্র করে ঘোড়ামারা সাতপাকিয়া জারালিয়া, মেঘনা বারোঘর উদীর হাওর দখল নিয়ে চারটি খুনের মামলার অন্যতম আসামী প্রদীপ রায়। ২০১৭ সালে উপজেলার জারলিয়া জলমহাল দখল নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ত্রিপল মার্ডার মামলারও আসামী । উদীর হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে একজন নিহত হন। এ ঘটনার পাঁচ দিন পর নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। দিরাই থানায় করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়। এসব মামলা থাকায় তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশ প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের দিরাই উপজেলা সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশের একটি টিম তাকে জালালাবাদ থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা থাকায় সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







