এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬, ৯:১৩:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) পরিচালনা পরিষদের সঙ্গে লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদের দ্বিপাক্ষিক বিজনেস নেটওয়ার্কিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর আনন্দ টাওয়ারে অবস্থিত এসএমসিসিআইয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমসিসিআইয়ের সভাপতি খায়রুল হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রথম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম।
সভায় পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা বলেন, এ ধরনের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা সিলেটের ব্যবসায়ী সমাজ ও যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়িক মহলের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের সম্ভাবনা তৈরিতে সহায়ক হবে।
তাঁরা আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সিলেট অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদ এবং লন্ডনপ্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ী আখতারুজ্জামান ও আব্দুল মুমিন।
এসএমসিসিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি খায়রুল হোসেন, প্রথম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলিমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী, পরিচালক মো. ফারুক আহমদ, রাজীব ভৌমিক, মো. কাপ্তান হোসেন, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ আনিস প্রমুখ। বিজ্ঞপ্তি





