স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬, ৯:০৫:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে জাহেদ আহমদ (৩৬) নামে সিলেটের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহেদ সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। জীবিকার সন্ধানে চার বছর আগে স্পেনে পাড়ি জমান তিনি। সম্প্রতি স্পেনে স্থায়ীভাবে বসবাসের কার্ড পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পেন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন জাহেদ। রাত ১২টার দিকে (বাংলাদেশ সময়) দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার দুপুরে জাহেদের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। এতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী জেনি বেগম কান্নায় ভেঙে পড়েছেন। ছেলের মৃত্যুতে শোকাহত বৃদ্ধ বাবাও।
জাহেদের চাচা পলাশ আহমদ জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দ্রুত মরদেহ দেশে আনতে পরিবারের সদস্যরা প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা চেয়েছেন।






