সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:২৭:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিভিন্ন প্রকারের কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধিন সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস ছাড়াও মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সোনপাপড়ি ও জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়।
জব্দকৃত এসব চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।






