ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:২৯:৫৯ অপরাহ্ন
ছাড়পত্র নিয়ে যাচ্ছেন কাল

স্টাফ রিপোর্টার : চিকিৎসকের অনুমতিপত্র না থাকায় সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। তাঁকে একা রেখে যেতে রাজি না হওয়ায় পরিবারের অন্য তিন সদস্যও যাত্রা বাতিল করেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রোববার (১ নভেম্বর) তাঁদের যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে।
নিরাপদ আকাশযাত্রা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়ম অনুসরণ করে চিকিৎসকের অনুমতিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তারা।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটটির। ওই ফ্লাইটে যাত্রার জন্য চার সদস্যের পরিবারটি বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এ সময় পরিবারের ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারী সদস্যের ভ্রমণের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতিপত্র প্রয়োজন হওয়ায় বিষয়টি সামনে আসে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেদিন তাঁদের কারও যাত্রা হয়নি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ জানান, এটি বিমানের নিয়মসংক্রান্ত বিষয়। তাঁরা ওই নারীকে ফ্লাইটে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে কেবিন ক্রুসহ সংশ্লিষ্টদের আইনি জটিলতার আশঙ্কায় আপত্তি থাকায় তা সম্ভব হয়নি।
তিনি বলেন, যাত্রী ও তাঁর পরিবারকে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। চিকিৎসকের অনুমতিপত্র সংগ্রহের জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজও চলছে। ছাড়পত্র পাওয়া সাপেক্ষে রোববার তাঁদের যুক্তরাজ্যযাত্রার ব্যবস্থা করা হবে।






