দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:৫৫:৪০ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী এডুকেশন সোসাইটির জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।
শনিবার ইসলামী এডুকেশন সোসাইটি ঢাকার উদ্যোগে উপজেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসা ও দারুল হেরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার অর্ধশতাধিক স্কুল ও মাদ্রাসার তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্র দুটির আশপাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন সমাজসেবক ডা. হারুন অর রশীদ, মাওলানা দেলোয়ার হোসাইন, বড়খাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্র সচিব ও বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান, মাদ্রাসার সভাপতি আজহারুল ইসলাম, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহারুল ইসলাম এবং শহীদ স্মৃতি একাডেমির পরিচালক মুজিবুর রহমান।
কেন্দ্র সচিব মাওলানা আজিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।





