জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ৭:৩২:৪৬ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে পাঁচটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রেজা, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান আছকর, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে মোঃ রিয়াজ মিয়া ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সোহেল আহমদ ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ চান্দ আলী মছু ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু।






