হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৯:৩৪ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. জি কে গউছ।
প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের দিনটি তাদের জন্য আনন্দ ও আবেগের। ভবিষ্যতে ভালোভাবে গড়ে উঠে তারা দেশের ও পরিবারের সম্পদ হবে। কৃষিকে সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
তিনি আরও বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালুর প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হল ও প্রশাসনের দায়িত্বশীল শিক্ষক-কর্মকর্তারা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের কৃষি ও সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় তথা ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






