শিগগির আরেকটি গণআন্দোলন: নাহিদ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৯:৩৬:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : শিগগির আরেকটি গণআন্দোলন গড়ে উঠতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, লিখে রাখেন, সংগঠিত হচ্ছে, শিগগির আরেকটি গণআন্দোলন গড়ে উঠতে যাচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই আন্দোলন হবে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা যেভাবে জুলাই আন্দোলনে জিতেছি, ওই আন্দোলনেও জিতবো। তিনি বলেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের কারণে সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাঁদাবাজ-দুর্নীতিবাজদের ভয় পাই না। আপনারাও ভয় পাবেন না।
এনসিপিকে কেউ কেউ নির্বাচন বিরোধী ট্যাগ দিতে চাইছেন উল্লেখ করে নাহিদ বলেন, পতিত ফ্যাস্টিস্টের বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। বিচার, সংস্কার ছাড়া এদেশের মানুষ নির্বাচন মানবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, বাংলাদেশে এযাবৎ যারাই রাষ্ট্রক্ষমতায় এসেছেন, তারাই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছেন। হাসিনা ১৬ বছরে সম্পূর্ণ দলীয়করণ করেছেন। এবার আর আমরা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতে দেবো না। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। গুম প্রসঙ্গে নাহিদ বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা-সার্বভেমৗত্ব রক্ষায় কাজ করবে। তারা কোনোভাবে গুমের সাথে জড়িত হোক-তা চাই না।
এনসিপির আহবায়ক বলেন, সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশন ও দুনীতি দমন কমিশনে। এই দুই কমিশনে অবশ্যই নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। সেনা, পুলিশ, নির্বাচন কমিশন, দুদক ঠিক না হলে দেশ অন্ধকারে চলে যাবে। আমরা তা হতে দেবো না। এবার আমরা ইনসাফ ও কল্যাণভিত্তিক অর্থনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করবো। আপনারা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা এনসিপির সেই সংগ্রামে আগের মতো যুক্ত হবেন বলে আশা করি।






