তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৮:২৬:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : ভারত যাওয়ার প্রাক্কালে সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাচাইয়ের সময় সেটি ব্লক থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। গত মাসে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে যান কামাল আহমদ। এসময় ইমিগ্রেশন পুলিশ তাঁর পাসপোর্ট যাচাই করে সেটি ব্লক দেখতে পায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় সিলেটের জালালাবাদ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করেন কামাল আহমদ। পরে জামিনে মুক্তি পান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এর আগে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে বৈধ চিকিৎসা ভিসা নিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে পাসপোর্ট ব্লক থাকায় তামাবিল ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরতে হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কামাল আহমদকে গ্রেফতার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।






