সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৮:১৬:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ চোরাইপণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। বৃহস্পতিবার ভোরে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দিঘীরপাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮০০ কেজি ভারতীয় চা পাতা ও ১ টি পিকআপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চা-পাতা ও পিকআপের আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ টাকা।
এছাড়া বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় লালাখাল ও সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ১৪ টি, ১৫০ কেজি চিনি, ১৩২০ কেজি টমেটো এবং ১টি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।






