সুনামগঞ্জে বিএনপির পাল্টা কমিটি
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ৭:৩৭:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির ১৮টি ইউনিটে পাল্টা কমিটি ঘোষণা করেছেন বঞ্চিতরা। রোববার দুপুরে শহরের কাজির পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব কমিটি ঘোষণা করা হয়।
তাদের অভিযোগ, সম্প্রতি ১৮টি ইউনিটে যেসব কমিটি ঘোষণা করা হয়েছে, সেগুলোতে দলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে অনেক চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদ ও জাপার দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এতে করে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। কমিটিতে বিগত সময়ে জেল-জুলুম- নির্যাতনের শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি।
এ সময় পূর্বের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৯টি ইউনিয়ন কমিটি ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক।
মইনুল হক বলেন, গত ১৬ বছর যারা ত্যাগী, নির্যাতিত ছিলেন তারা অনেকেই সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে স্থান পাননি। ফ্যাসিবাদের দোসরদের কমিটিতে স্থান করে দেয়া হয়েছে। আমরা পকেট কমিটি প্রত্যাখান করেছি। তৃণমূলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে আমরা পাল্টা কমিটি ঘোষণা করেছি। আমরা জেলা ও কেন্দ্রকে বিষয়টি জানিয়েছি। প্রয়োজনে বিএনপির মহাসচিবের সাথেও দেখা করে এসব অভিযোগ তুলে ধরব।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রায়হান উদ্দিন প্রমুখ।
সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু মিয়া বলেন, আমরা নিয়ম মেনে সদর উপজেলার ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করেছি। ত্যাগী কেউ বাদ পড়লে পুর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন। আজ যারা সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি করেছেন তারা গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন। তারা পাল্টা কমিটি দেয়ার বৈধতা রাখেননা। আমরা জেলা নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করব।
সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদমর্যাদার সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বসে সদর ও পৌর কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে তারা ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করেছেন। আমাদের নির্দেশনা ছিল কোথাও সন্ত্রাসী, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের জায়গা দেওয়া না হয়। এমনটা হওয়ার কথা না। আমরা খোঁজখবর নিয়ে দেখব।
জেলা বিএনপির আহবায়ক কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন, পাল্টা কমিটি গঠনের বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের বাইরে গিয়ে পাল্টা কমিটি করার কোন সুযোগ নাই।







