চুনারুঘাটে পাহাড়ি ঢলে ভেসে গেল কাঠের সেতু
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ১০:১৩:৪৮ অপরাহ্ন

সংবাদদাতা: দুই দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের রানীগাও-গরমছড়ি সড়কের মাইজ গাঙ্গে অবস্থিত একটি কাঠের সেতু ভেসে গেছে। রোববার ভোরে আকস্মিক পাহাড়ি ঢলের কারণে সেতুটি ভেঙে পাশের ধানক্ষেতে গিয়ে আটকে পড়ে। এতে গরমছড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। জানা যায়, সেতুটি ভেঙে যাওয়ার ফলে চুনারুঘাট শহরের সঙ্গে স্থানীয়দের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
এটিই তাদের যাতায়াতের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হতো। এই পথ দিয়েই তারা রানীগাও ইউনিয়ন পরিষদ, বাজার ও চুনারুঘাট শহরে যাতায়াত করতেন।
স্থানীয় শিক্ষার্থী হারুনুর রশীদ জানান, সকালে আকস্মিক ঢলে সেতুটি ভেসে যায়। পরে গ্রামবাসীরা সেতুর কাঠের অংশগুলো উদ্ধার করে পাশের জমিতে তুলে রাখেন। তিনি বলেন, ‘এখন জরুরি প্রয়োজনে কেউ শহরে যেতে পারছে না, এমনকি রোগী নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে।’
তিনি আরো জানান, সেতু না থাকায় এলাকার মানুষ বাজারে গিয়ে উৎপাদিত সবজি ও অন্যান্য খাদ্যপণ্য বিক্রি করতে পারছেন না, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এলাকাবাসী দ্রুত একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, সেতুটি ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরই একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে অচিরেই কাজ শুরু হবে বলে জানান তিনি।





