শ্রীমঙ্গলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৭:২৯:৫০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫)। এ সময় তাদের তল্লাশি চালিয়ে রুবেল মিয়ার কাছ থেকে ২শ পিস এবং তার স্ত্রীর কাছ থেকে ৫শ ৫০ পিস ইয়াবা ও ২১ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, অভিযান চলাকালে স্থানীয় দুইজন স্বাক্ষী ও নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ও টাকা জব্দ করা হয়।






