বড়লেখায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৬:৫০:৪৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের অনিয়ম-দুর্নীতি, অবৈধভাবে বিদ্যালয়ের মূল্যবান গাছ কেটে নেওয়া, শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে তাকে দ্রুত অপসারণের দাবিতে বুধবার দুপুরে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছেন।
জসিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, শিক্ষার্থী অভিভাবক বিলাল আহমদ, সুমি বেগম, ফয়সল আহমদ, মুজিবুর রহমান, আপ্তাব আলী প্রমুখ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান জানান, তার বিরুদ্ধে এলাকাবাসীর লিখিত অভিযোগ তদন্তাধীন। তিনি কোনো দুর্নীতি করেননি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও সরকারি অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ব্যাপারে বলেন, সব হেডমাস্টার যেভাবে শিক্ষার্থীদের তথ্য পাঠায় তিনিও সেভাবে পাঠিয়েছিলেন। কেন শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় পড়েনি তা বলতে পারছেন না।
উপজেলা শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম জানান, খবর পেয়ে তিনি উপজেলা সহকারি শিক্ষা অফিসার সৌরভ গোস্বামীকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। বিষয়টি জেলা শিক্ষা অফিসারকে তাৎক্ষণিক জানিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।






