বিশ্বের বন রক্ষায় ৫০০ কোটি ডলারের তহবিল গঠন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৯:০৮:২৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতারা বিশ্বের বন রক্ষায় একটি তহবিল চালু করেছেন। গাছ না কাটার জন্য গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোকে পুরস্কৃত করতে গঠন করা এই তহবিলে খুব দ্রুত পাঁচ বিলিয়ন ডলার (৫০০ কোটি ডলার) সংগ্রহ করার প্রতিশ্রুতি পাওয়া গেছে। খবর এএফপির।
প্রাথমিকভাবে পাওয়া এই আর্থিক প্রতিশ্রুতি বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য প্রয়োজনের চেয়ে অনেক কম হলেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ‘ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফ্যাসিলিটি (টি-ট্রিপল এফ)’ নামের এই তহবিলকে ‘নজিরবিহীন’ হিসেবে বর্ণনা করেছেন।
ব্রাজিল এই তহবিলের রাজনৈতিক পৃষ্ঠপোষক। দেশটি ১২৫ বিলিয়ন ডলার তহবিলের একটি ব্যবস্থা তৈরি করতে চাইছে যাতে উন্নয়নশীল দেশগুলোকে তাদের অক্ষত রাখা প্রতি হেক্টর বনের জন্য লাভের একটি প্রদান করা হবে। এতে বেসরকারি বিনিয়োগকারীরা মূলত উদীয়মান বাজার বন্ডে বিনিয়োগ করা তহবিল থেকে মুনাফা পাবেন।
এ বিষয়ে আমাজন রেইন ফরেস্ট এলাকার একটি প্রান্তে অবস্থিত বেলেম এলাকার সম্মেলনস্থলে আইভরি কোস্টের প্রতিনিধি আবে আসামোই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের সাহায্য করার জন্য এই তহবিলটি সঠিক সময়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেক বন হারিয়েছি, তবে আমরা আমাদের দেশকে বনভূমির মাধ্যমে পুনঃস্থাপন করার জন্য একটি ব্যাপক কৌশল বাস্তবায়ন করছি। আমাদের বেশকিছু উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে আর তা বাস্তবায়নে অর্থের প্রয়োজন।
ব্রাজিলের বেলেমে বৃহস্পতিবার এই তহবিল চালু করা হয়। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বার্ষিক জলবায়ু আলোচনার আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এখানে একত্রিত হন।





