সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতিতে আপত্তি জামায়াত এমপির
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৯:০৬:৩২ অপরাহ্ন
জাতীয় সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, এ ধরনের রীতি ইসলামের সঙ্গে ‘সাংঘর্ষিক’এবং তা ‘শিরকের কাছে চলে যায়’।
কার্যপ্রণালি বিধিতে এ ধরনের আচরণ বাদ দেওয়ার যে সংশোধনী আনা হয়েছিল, তা সবাইকে অনুসরণের আহ্বান জানান বিরোধী দলের এই এমপি। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি কার্যপ্রণালি বিধি দেখে পরে সংসদকে অবহিত করবেন বলেছেন।
সংসদ সদস্যরা সাধারণত অধিবেশন কক্ষে প্রবেশের সময় স্পিকারের চেয়ার বা সভাপতিমণ্ডলীর প্রতি সম্মান জানিয়ে মাথা ঝোঁকান। অনেক সদস্য সালামও বিনিময় করেন।
এ বিষয়ে মুজিবুর রহমান বলেন, তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা। এরপরে এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে। শেষ পর্যন্ত একটা সংশোধনী এর ভেতরে আছে। সেটা হচ্ছে, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা, এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।
স্পিকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দেই, জবাব দেই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায়, এরকম করে একটু, আগের ঝুঁকন্তিটা এখনও আছে। আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে।
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। কাল-কেয়ামতে আমরা এর উপকার লাভ করব। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেন।
তিনি বলেন, আমি রুলস অব প্রসিডিউর দেখলাম, আরেকটু আমি দেখব। তারপর এ বিষয়ে বলব। এটা তো সবার জন্য ব্যক্তিগত বিষয়। কেউ সালাম দেবে, কেউ অন্যভাবে সম্মান জানাবে। সারা পৃথিবীর সংসদে এরকম আছে। স্পিকার বলেন, তাও তিনি এটা দেখবেন যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছিল কি না, এটা দেখে পরে তিনি সংসদকে জানাবেন।



