দক্ষিণ সুরমায় আ. লীগ নেতা খুন : ফের ৩ দিনের রিমান্ডে ছেলে
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৯:০৮:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলায় নিহতের ছেলে আসাদ আহমদকে ফের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক রিমান্ড শুনানির পর এ আদেশ দেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে শুনানী শেষে বিচারক শরিফুল হক নিহতের ছেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত সূত্র নিশ্চিত করে।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিন জানান, প্রথম দফায় রিমান্ডে আসাদ একেক সময় একেক কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তে তাই তাকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, হত্যাকান্ডের রহস্য উদঘাটন না হওয়ায় প্রথম দফা রিমান্ড শেষে আদালতের মাধ্যমে আসাদকে কারাগারে পাঠানো হয়। পরে একই আদালতে পূনরায় তার ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রথম দফায় ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসাদ একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন। হত্যার মূল রহস্য উদঘাটন না হওয়ায় তাকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। এ জন্য দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার (১২ নভেম্বর) সকালে সিলেট কারাগার থেকে আসাদকে হেফাজতে নিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।
ঘটনার সূত্রে জানা যায়, গত সপ্তাহে দক্ষিণ সুরমার নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বুক, পেট ও পুরুষাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই পুলিশ ২২ ইঞ্চি লম্বা একটি ছুরিও উদ্ধার করে।
পুলিশ জানায়, বাড়ির সিসিটিভি ফুটেজে বৃহস্পতিবার ভোর থেকে লাশ উদ্ধারের আগ পর্যন্ত কাউকে ওই বাসায় ঢুকতে কিংবা বের হতে দেখা যায়নি। শুধু সকাল আটটার দিকে গৃহকর্মী বাড়িতে ঢুকে সিঁড়ির ঘরে রাজ্জাকের মরদেহ দেখতে পান। তখন ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল, আর সেই চাবি ছিল নিহতের কাছেই।
পারিবারিক সূত্র বলছে, আবদুর রাজ্জাকের এক ছেলে ও এক মেয়ে—দুজনেরই বিয়ে হয়েছে। মাস দুয়েক আগে তিনি সম্পত্তি ভাগ করে দেন এবং এরপর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল কামাল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ না থাকলেও পরিবারের কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যার নেপথ্যে পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণ—এ নিয়েই এখন তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ।





