শাবির সেন্ট্রালফিল্ডে শিবিরের পানির ফিল্টার স্থাপন
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৬:১৮:৩৮ অপরাহ্ন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।শুক্রবার সেন্ট্রালফিল্ড এলাকায় সংগঠনটির সদস্যদের উদ্যোগে ফিল্টারটি বসানো হয়। মাঠে খেলতে আসা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন বলে জানা গেছে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ইতোমধ্যেই যে হলগুলোতে পানির ফিল্টার প্রয়োজন ছিল সেগুলোতে আমরা ফিল্টার বসিয়েছি। শিক্ষার্থীদের সুবিধাই আমাদের মূল লক্ষ্য। সেন্ট্রালফিল্ডে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী খেলতে আসে, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নিরাপদ পানির ব্যবস্থা ছিল না। খেলোয়াড় ভাইদের প্রত্যাশার আলোকে আমরা এখানে ফিল্টার স্থাপন করেছি। শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে মাঠে সময় কাটাতে পারে, সেটা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।
ফিল্টার স্থাপনের পর মাঠে থাকা অনেকে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, নিয়মিত খেলাধুলার সময় পানির অভাব ছিল বিরক্তিকর। নতুন ফিল্টার স্থাপন হওয়ায় সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে বলে তারা আশা প্রকাশ করেন।





