রাজা ম্যানশনের সামনে অবৈধ পার্কিং : কর্তৃপক্ষকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৯:০৫:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসনে ফের মাঠে নেমেছে জেলা প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মহানগর পুলিশ।
অভিযানের সময় দুপুর ১২টার দিকে জিন্দাবাজারের জল্লারপাড় রোডে পুরনো বিপণীবিতান রাজা ম্যানশনের সামনে ব্যাপক অবৈধ পার্কিংয়ের প্রমাণ পান ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সভাপতি ডি.ডি. রুমুকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জরিমানা পরিশোধ করে মুক্তি পান।
অভিযান শেষে রাজা ম্যানশনের সামনে স্থাপন করা হয় ‘নো পার্কিং’ সাইনবোর্ড। পাশাপাশি কাজি ম্যানশনসহ জিন্দাবাজার এলাকার প্রায় সব মার্কেট ও বিপণীবিতান কর্তৃপক্ষকে ফুটপাত ও সড়ক দখল না করার বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জিন্দাবাজার এলাকার প্রায় প্রতিটি মার্কেটের সামনে দিনের পর দিন অবৈধ পার্কিং চললেও একাধিকবার সতর্ক করার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। এতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে তীব্র যানজটে। এরআগে হকার উচ্ছেদ ও পুনর্বাসনের পরও ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যর্থতা দেখা যায় মূলত এসব যানবাহনের অবৈধ পার্কিংয়ের কারণে। নগরীর ফুটপাত ও প্রধান সড়কগুলো দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের এ অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানা গেছে।





