মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে গণফোরামের প্রার্থী মোতাহির চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৮:০৩:১৮ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ১৩৩টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণফোরাম। এরমধ্যে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে দলটির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোতাহির আলম চৌধুরীর নাম। এক সংবাদ সম্মেলনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ তালিকা প্রকাশ করেন।
মোতাহির আলম চৌধুরী জানান দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৬৮ সালে ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি মোজাফফর ন্যাপে যোগ দেন এবং ১৯৯০ সাল থেকে অদ্যাবধি গণফোরামের রাজনীতিতে সক্রিয় থেকে কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। তিনি কুলাউড়ার চৌধুরীবাজার জামে মসজিদ ও শাহী ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ১৯৯৬ সাল থেকে চৌধুরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন চারবার এবং বর্তমানে তিনি ওই সমিতির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামের সামাজিক নেতৃত্বেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন এবং বর্তমানে স্থানীয় সর্দার হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তার রয়েছে বিদেশে কর্মজীবনের অভিজ্ঞতা। তিনি ১৯৮১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সৌদি আরবের সিপিএমসি কোম্পানিতে সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন মুক্তিযুদ্ধের মূলধারার দল তাকে মূল্যায়ন করে এই আসনে প্রার্থীতা ঘোষণা দিয়েছে। দলীয় প্রধান ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈষম্য ও শোষনমুক্ত কল্যাণমুখী রাষ্ট্র গঠন আমাদের অঙ্গীকার। আসন্ন নির্বাচনে তিনি প্রথমবারের মতো কুলাউড়া আসনের ভোটারদের নিয়ে “উদীয়মান সূর্য” মার্কা নিয়ে বিজয় ছিনিয়ে আনবেন বলে আশা করছেন।





