কিশোর গ্যাং দ্বন্দ্বে ফাহিম খুন : আরেক আসামি আটক
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৯:০১:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে কিশোর গ্যাং দ্বন্দ্বে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ১নং আসামিকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার নাম আলম খান (২৫)। সে হবিগঞ্জ সদর থানার লোকরা ইউনিয়নের কাশিপুর গ্রামের নিহত জাফর আলী খানের ছেলে।র্যাব-৯ জানায়, গত ১০ নভেম্বর রাত সিলেটের ছড়ারপাড় এলাকায় পূর্ববিরোধের জেরে কয়েকজন মিলে ফাহিমের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়। উন্নত চিকিৎসা শেষে ১১ নভেম্বর রাতে সিলেটে ফিরিয়ে আনার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ফাহিমের বাবা হারুন রশিদ বাদী হয়ে শাহপরান (র.) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
র্যাব জানায়, মামলার আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর অংশ হিসেবে আলম খানকে গ্রেফতারের পর তাঁকে শাহপরাণ (র.) থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে পুলিশ মামলার আরেক আসামি জৈন্তাপুরের যশপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সবুজ আহমদ রেহানকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, ফাহিম হত্যা মামলার ১ নম্বর আসামী আলম খান (৩২) কে আটকের পর শাহপরান (র.) থানায় হস্থান্তর করা হয়েছে।





